যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৭ জুলাই ২০২৬, শুক্রবার ১ শ্রাবণ ১৪৩৩

ব্রয়লার ১৮৫ টাকা কেজি, ডিমের ডজন ১৩৫ টাকা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৬:০৭ AM

ব্রয়লার ১৮৫ টাকা কেজি, ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়ে ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। একই সঙ্গে মাছ ও মাংসের দামও বেশ চড়া থাকায় স্বস্তি নেই ক্রেতাদের।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে দেখা যায়, গত সপ্তাহে ফার্মের ডিমের ডজন ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৩৫ টাকায় উঠেছে। সাদা ব্রয়লার মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২৫ টাকায়, আর বাদামি রঙের ডিমের দাম ১৩৫ টাকা।

মাংসের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায়। খাসির মাংস কিনতে হলে কেজিপ্রতি গুনতে হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

মাছের বাজারেও বেশির ভাগ মাছের দাম রয়েছে চড়া। মান ও আকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৯০০ টাকা কেজি, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা ৬০০ টাকা কেজি দরে।

এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ২২০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা এবং শোল মাছ বিক্রি হচ্ছে প্রায় ৭০০ টাকা কেজি দরে।

ইলিশের দাম এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশের দাম পড়ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা।

তবে চাষের কই, তেলাপিয়া, পাঙাশ ও মাঝারি আকারের রুই মাছের দাম তুলনামূলক কম রয়েছে। মাঝারি রুই মাছ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজিতে।

মুরগির বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। সোনালি মুরগির দাম রয়েছে প্রায় ৩৩০ টাকা কেজি।

রায়েরবাজারের এক ক্রেতা রমিজ উদ্দিন বলেন, “মাছের দাম আগের মতোই আছে। পাঙাশ আর তেলাপিয়া ছাড়া অন্য মাছ কেনা কঠিন। পাঙাশও এখন ২০০ টাকার নিচে পাওয়া যায় না।”

তিনি বলেন, “ব্রয়লার মুরগি কিনতে গিয়ে দেখলাম কেজি ১৮৫ টাকা। এত দাম হলে সাধারণ মানুষের জন্য চালানো কঠিন।”

ডিম ব্যবসায়ী মাসুম বলেন, এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা বেড়েছে। সরবরাহ ও বাজার পরিস্থিতির কারণে এই দাম বেড়েছে বলে জানান তিনি।

মাছ ব্যবসায়ী মুকুল বলেন, মাছের দাম প্রতিদিনই কিছুটা ওঠানামা করে। তবে কয়েক মাস ধরে বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। চিংড়ি, রূপচাঁদা, শোল ও বড় আকারের রুইয়ের মতো মাছের দাম তুলনামূলক বেশি থাকছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!