যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৭ জুলাই ২০২৬, শুক্রবার ১ শ্রাবণ ১৪৩৩

পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের অংশগ্রহণ জরুরি: মীর শাহে আলম

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৫:২১ AM

পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের অংশগ্রহণ জরুরি: মীর শাহে আলম

পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে দুই সিটি করপোরেশন ও বিডি ক্লিনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং চারা সরবরাহ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে সময় লাগলেও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পরিচ্ছন্ন, সবুজ ও উন্নত বাংলাদেশ গড়তে সরকার ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ দিয়ে মীর শাহে আলম বলেন, এ বিষয়ে ঢাকা মশক নিবারণী দপ্তরের কার্যক্রম আরও কার্যকর করতে হবে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের নেতৃত্বে দুই সদস্যের একটি গবেষক দলকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বিডি ক্লিনের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। সংগঠনটির প্রধান সমন্বয়ক চম্পা আক্তার তাদের কার্যক্রম তুলে ধরে তা আরও বিস্তৃত করতে সরকারের সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক মোস্তফা আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!