যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৭ জুলাই ২০২৬, শুক্রবার ১ শ্রাবণ ১৪৩৩

মালয়েশিয়ার পর ধীরে ধীরে অন্যান্য দেশেও সুযোগ বাড়বে: প্রবাসীকল্যাণমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৫:৪১ AM

মালয়েশিয়ার পর ধীরে ধীরে অন্যান্য দেশেও সুযোগ বাড়বে: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিশ্বের যেসব দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, সেসব দেশের শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, ইতোমধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য সম্ভাবনাময় দেশেও বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুবাইয়ের শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো ভুল তথ্য রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, দেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তাদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা, সন্তানদের শিক্ষার সুযোগ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আজহায় চা শ্রমিকরা যথাযথভাবে উৎসব ভাতা পেয়েছেন। শ্রমজীবী মানুষের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করা সরকারের অঙ্গীকার।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!