স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় দেশের সব ধর্মের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, “বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মের মানুষের দেশ। সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই দেশকে এগিয়ে নিতে হবে।”
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
তিনি দাবি করেন, জনগণের সমর্থনে গঠিত সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!