সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, শহীদ আহাদ ও সুমনের মতো তরুণদের আত্মত্যাগের বিনিময়ে দেশ বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের এই মহান ত্যাগ বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মহম্মদপুরের রসূলপুর থেকে এই কর্মসূচির বিশেষ উদ্বোধন করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় চলমান এ আয়োজন সফল করতে সরকার কাজ করছে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, জনগণের কল্যাণ ও বৈষম্য দূরীকরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রামীণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর কমানো হয়েছে। পাশাপাশি পরিবারের দায়িত্বশীল নারী সদস্যদের নামে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে সরাসরি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দেশের বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় এনে মাসিক ভাতার ব্যবস্থা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সহযোগিতা অব্যাহত রয়েছে।
কর্মসংস্থান প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের বেকার যুবকদের জন্য বহুমুখী কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা জোরদার করা হচ্ছে। শিল্প, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমেও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!