স্ট্রোক, পক্ষাঘাত, মেরুদণ্ডে আঘাত কিংবা সড়ক দুর্ঘটনায় হাত-পায়ের স্বাভাবিক কার্যক্ষমতা হারানো রোগীদের পুনর্বাসনে নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। আধুনিক রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় এখানে রোগীদের হাত-পায়ের নড়াচড়া, হাঁটার অনুশীলন এবং শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার জন্য বিশেষায়িত থেরাপি দেওয়া হচ্ছে।
চীন সরকারের দেওয়া ৬২টি আধুনিক যন্ত্রপাতি নিয়ে গড়ে ওঠা এই কেন্দ্রটি দেশের চিকিৎসাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর পুনর্বাসনসেবার নতুন সম্ভাবনা তৈরি করেছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী এখানে ফিজিওথেরাপি নিতে আসছেন।
বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে কেন্দ্রটি। ২০২৫ সালের ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্টে এর কার্যক্রম শুরু হয়। এর আগে একই বছরের এপ্রিলে চীনের প্রকৌশলীরা রোবোটিক যন্ত্রপাতি স্থাপন করেন।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে চীন সরকার বাংলাদেশকে এসব রোবট উপহার দেয়। ৬২টি যন্ত্রের মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক। যন্ত্রপাতি পরিচালনার জন্য ২৪ জন চিকিৎসক, নার্স ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণও দেওয়া হয়।
৪৫০ রোগীকে সেবা, হয়েছে ১১ হাজার সেশন
কেন্দ্রটির প্রধান এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর বলেন, দক্ষিণ এশিয়ায় এ ধরনের আধুনিক পুনর্বাসনকেন্দ্রের সংখ্যা খুবই সীমিত। রোবোটিক প্রযুক্তির মাধ্যমে রোগীদের নির্দিষ্ট মাত্রায় ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে ফিজিওথেরাপি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৩৭ জনকে বিনা মূল্যে পুনর্বাসনসেবা দেওয়া হয়। এ পর্যন্ত প্রায় ৪৫০ জন রোগী এই কেন্দ্র থেকে সেবা নিয়েছেন। তাঁদের জন্য মোট ১১ হাজার চিকিৎসা সেশন পরিচালিত হয়েছে।
তবে প্রয়োজনীয় জনবলের অভাবে আরও বেশি রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান অধ্যাপক ডা. এম এ শাকুর।
তাঁর ভাষ্য, স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়বিক সমস্যা, দীর্ঘমেয়াদি ব্যথা, ফ্রোজেন শোল্ডার, স্নায়ুর আঘাত এবং দুর্ঘটনাজনিত শারীরিক অক্ষমতায় আক্রান্ত রোগীরা এই চিকিৎসার মাধ্যমে উপকৃত হচ্ছেন।
যেভাবে কাজ করে রোবট
প্রচলিত ফিজিওথেরাপিতে চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট রোগীর হাত-পা নাড়ানো, বাঁকানো, সোজা করা এবং বিভিন্ন ব্যায়াম করাতে সহায়তা করেন। তবে রোবোটিক থেরাপিতে এসব কাজের অনেকগুলোই নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে করা হয়।
প্রথমে চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি ও নির্দেশনা নির্ধারণ করেন। এরপর কম্পিউটারের মাধ্যমে রোবটকে নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী রোবট নির্দিষ্ট গতিতে এবং নির্ধারিত সময় ধরে রোগীর অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করায়।
চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের মতে, রোবটের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী একই ধরনের ব্যায়াম বারবার করানো যায়। এতে থেরাপির মাত্রা ও সময় নিয়ন্ত্রণ করা সহজ হয়।
এআইভিত্তিক রোবটের ক্ষেত্রে রয়েছে বাড়তি সতর্কতার ব্যবস্থা। সাধারণ রোবট চিকিৎসকের দেওয়া নির্দেশনা অনুসরণ করে কাজ করে। অন্যদিকে এআইভিত্তিক রোবট সম্ভাব্য ভুল নির্দেশনা শনাক্ত করতে পারলে কাজ বন্ধ করে সতর্কবার্তা দিতে পারে। যেমন কোনো রোগীর হাত ৩৫ ডিগ্রি বাঁকানোর প্রয়োজন হলে ভুল করে ৪৫ ডিগ্রির নির্দেশনা দেওয়া হলে এআইভিত্তিক যন্ত্র সেটি শনাক্ত করে পুনর্মূল্যায়নের সংকেত দিতে পারে।
চিকিৎসা হচ্ছে খেলতে খেলতে
রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের যন্ত্রগুলোর সামনে রয়েছে পৃথক মনিটর। এতে চিকিৎসার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ভিডিও গেমের ব্যবস্থা রাখা হয়েছে। রোগী যখন হাত-পা নাড়ানোর অনুশীলন করেন, তখন সেই নড়াচড়ার সঙ্গে মিল রেখে মনিটরে খেলার কার্যক্রম চলে।
উদাহরণ হিসেবে, রোগী পা সোজা করলে মনিটরে একটি তির গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। এভাবে একটি নির্দিষ্ট সংখ্যক অনুশীলন সম্পন্ন হলে রোগীর সেশন শেষ হয়। এতে রোগী নিজের অগ্রগতি দেখতে পারেন এবং অনুশীলনে আগ্রহ পান।
চিকিৎসকদের মতে, এ ধরনের প্রযুক্তিনির্ভর অনুশীলন রোগীর অঙ্গ-প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ, পেশির কার্যক্ষমতা ও দৈনন্দিন কাজ করার সক্ষমতা বাড়ানোর পুনর্বাসনপ্রক্রিয়ায় সহায়ক হতে পারে। তবে চিকিৎসার ফলাফল রোগের ধরন, আঘাতের মাত্রা ও রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে।
৩০ টাকার টিকিটে মিলছে সেবা
রাজধানীর খিলগাঁও থেকে চিকিৎসা নিতে আসা রবিউল ইসলাম সোহেল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর পায়ের গোড়ালিতে আঘাত লাগে। চিকিৎসা নেওয়ার পরও পায়ের পাতা ও গোড়ালির সংযোগস্থল শক্ত হয়ে যায়। পরে তিনি বিএমইউর রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে আসেন।
সোহেল বলেন, কয়েক দিন ধরে তিনি এখানে রোবটের মাধ্যমে থেরাপি নিচ্ছেন। আরও প্রায় দুই মাস চিকিৎসা চালিয়ে যেতে হবে।
চিকিৎসার খরচ সম্পর্কে তিনি বলেন, বহির্বিভাগ থেকে মাত্র ৩০ টাকার টিকিট কেটে এখানে সেবা নেওয়া যায়। চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টের পরামর্শের জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না।
প্রযুক্তিনির্ভর পুনর্বাসনে নতুন দিগন্ত
দীর্ঘমেয়াদি স্নায়বিক সমস্যা ও শারীরিক প্রতিবন্ধিতায় আক্রান্ত ব্যক্তিদের উন্নত পুনর্বাসনসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে চালু হওয়া কেন্দ্রটি দেশের চিকিৎসাক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে স্ট্রোক, পক্ষাঘাত ও দুর্ঘটনায় অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা হারানো রোগীদের পুনর্বাসনে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে সেবার পরিধি বাড়াতে প্রয়োজনীয় চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!