দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
দালাল চক্রের বিরুদ্ধে অভিযান
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি চক্র রোগীদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এই দালাল চক্রের বিরুদ্ধে ডিজিএফআই, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।
ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব অভিযানের ফলে আগের তুলনায় দালাল চক্রের উৎপাত কমেছে। দেশের সব সরকারি হাসপাতালকে পর্যায়ক্রমে দালালমুক্ত করা হবে।
অবৈধ ক্লিনিক বন্ধে মোবাইল কোর্ট
অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলাগুলোতে জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে। যেসব ক্লিনিকে অবৈধ চিকিৎসক ও ভুয়া সনদধারী টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচারসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, সেসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, তিনি নিজে এসব প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করছেন এবং অভিযান পরিচালনার বিষয়টি তদারকি করছেন।
সাত দিনের মধ্যে সিলেটের হাসপাতালের সমস্যা সমাধানের নির্দেশ
সিলেটে হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যাগুলো সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
‘চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছি’
হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত এক মাসে তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। এসব পরিদর্শনে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন।
তিনি আরও বলেন, চিকিৎসকদের আচরণ এবং হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!