শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা ও শিখন চাহিদাকে গুরুত্ব দিয়ে ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা করছে সরকার। এ কারিকুলামের মূল লক্ষ্য হবে শিখনফলভিত্তিক, আনন্দময় ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবহারিক শিখন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলাম প্রণয়নের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বিদ্যালয়ভেদে শিখন ঘণ্টার বৈষম্য কমানো এবং প্রতিটি বিষয়ের পাঠদান ও শিখন উপকরণকে আরও বিজ্ঞানসম্মত, সহজবোধ্য ও বয়সোপযোগী করার বিষয়টি গুরুত্ব পাবে।
শিশুরা যেন খেলতে খেলতেই পড়াশোনা করতে পারে, সে ধরনের আনন্দময় শ্রেণিকক্ষ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষণীয় খেলনা ও বিভিন্ন উপকরণ ব্যবহারের মাধ্যমে পাঠদানকে আরও সহজ ও আকর্ষণীয় করা হবে।
বাংলা, গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ও ব্যবহারিক শিখন কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।
সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
ববি হাজ্জাজ বলেন, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় এ কর্মসূচি চালু রয়েছে। বাকি উপজেলাগুলোতে কর্মসূচি সম্প্রসারণের জন্য নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে। আগামী বছরের মধ্যে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিশুর জন্য দুপুরের পুষ্টিকর খাবার নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
খাবারের মান ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে মায়েদের সমন্বয়ে গঠিত ‘মাদার্স কমিটি’ কাজ করছে। পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে।
শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার বাড়বে
প্রাথমিক শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ও ‘স্মার্ট ক্লাসরুম’ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিমন্ত্রী বলেন, এটি শুধু শিক্ষকদের মধ্যে ট্যাব বিতরণের প্রকল্প নয়; বরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ।
গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠ্যসূচি কতটুকু শেষ হয়েছে, শিক্ষার্থীরা কোন বিষয়ে পিছিয়ে রয়েছে কিংবা কোথায় তাদের বুঝতে সমস্যা হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
দুর্গম অঞ্চলের যেসব প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান প্রতিমন্ত্রী।
শিক্ষার মানোন্নয়নে সমন্বিত সংস্কার
প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শিক্ষক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, নিয়মিত তদারকি, অবকাঠামো এবং প্রযুক্তির ব্যবহার—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ।
তিনি বলেন, শুধু বিদ্যালয়ের ভবন নির্মাণ কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করলেই প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে না। প্রতিটি শিশু বিদ্যালয়ে এসে প্রকৃত অর্থে শিখছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রাথমিক শিক্ষার বিভিন্ন ক্ষেত্র পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একটি ক্ষেত্রে উন্নয়ন করে অন্য ক্ষেত্রগুলো উপেক্ষা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। তাই মাঠপর্যায়ের বাস্তবতা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে সমন্বিত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।
বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে শুধু ভবন নির্মাণ নয়, শ্রেণিকক্ষ, আসবাবপত্র, শৌচাগার ও নিরাপদ পানির ব্যবস্থাও শিশুদের উপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নদীভাঙনপ্রবণ ও পাহাড়ি এলাকার ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী দক্ষতা অর্জনে সরকার কাজ করছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!