শিক্ষায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, উন্নত দেশগুলোর মতো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ প্রয়োগ প্রয়োজন।
শনিবার রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। সরকার ২০২৮ সাল থেকে পরিমার্জিত কারিকুলামের আলোকে নতুন পাঠ্যপুস্তক প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘খেলাধুলা’ এবং ‘বাংলাদেশের সংস্কৃতি’ শিরোনামে নতুন চারটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি আধুনিক করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ রয়েছে সরকারের। পাশাপাশি শিক্ষকদের পাঠদান কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য শিগগিরই ডিজিটাল পর্যবেক্ষণব্যবস্থা চালু করা হবে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে গুরুত্ব
বিজ্ঞান কার্নিভালে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যসুরক্ষা ও নদী বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা তাঁকে অভিভূত করেছে।
উন্নত দেশগুলোর মতো শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক এবং সমন্বয় জোরদার করা গেলে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী প্রকল্পগুলো বাস্তবে কাজে লাগানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।
পরীক্ষায় অকৃতকার্য হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
তিনি বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবন থেকে কক্ষচ্যুত হয়ে যাওয়া নয়। ভবিষ্যতে আরও উদ্যম ও প্রস্তুতি নিয়ে ভালো ফল করার চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের আগে শিক্ষামন্ত্রী বিজ্ঞান কার্নিভালে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২টি উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!