বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির আবেদন যাচাই করতে ১৪টি প্রতিষ্ঠানের সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা এক চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের আবেদন যাচাই করতে সরেজমিন পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন দিতে হবে। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২১ (সংশোধিত-২০২৩)’ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর তথ্য সঠিক আছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে
পরিদর্শনের তালিকায় রয়েছে—
ঢাকার ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজ
টাঙ্গাইলের পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
রাজবাড়ীর আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়
জামালপুর সদরের অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়
জামালপুরের সরিষাবাড়ীর দাসেরবাড়ী হাফিজাতুল-আনোয়ার আইডিয়াল স্কুল
গাইবান্ধার ফুলছড়ির হোসেনপুর মুসলিম একাডেমি
কিশোরগঞ্জের ওয়াহিদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ
ময়মনসিংহের আফরোজ খান মডেল স্কুল
ঢাকার সাভারের গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ
জয়পুরহাটের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
ঢাকার ভাটারার সাঈদনগর জুনিয়র স্কুল
ঢাকার দোহারের উদয়ন প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল
এ ছাড়া দাসেরবাড়ী হাফিজাতুল-আনোয়ার আইডিয়াল স্কুলের নিম্নমাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি ও মাধ্যমিক পর্যায়ে পাঠদানের আবেদন এবং সাঈদনগর জুনিয়র স্কুলের মাধ্যমিক পর্যায়ে পাঠদান ও নিম্নমাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতির আবেদন আলাদাভাবে যাচাই করা হবে।
পরিদর্শন কর্মকর্তাদের নবম ও দশম শ্রেণির বিভাগভিত্তিক শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট মতামত দিতে হবে। পরিদর্শন প্রতিবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও দালিলিক প্রমাণও যুক্ত করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নীতিমালার শর্ত পূরণ এবং পরিদর্শন থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চিঠির অনুলিপি ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!