যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

কারিগরি বোর্ডে ফেল থেকে পাস ৬৬৪ শিক্ষার্থী, জিপিএ-৫ পেলেন ৪৬ জন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ AM

১৬
কারিগরি বোর্ডে ফেল থেকে পাস ৬৬৪ শিক্ষার্থী, জিপিএ-৫ পেলেন ৪৬ জন

এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৩৭২টি বিষয়ের উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে। এতে ৬৬৭ জন পরীক্ষার্থীর লেটার গ্রেড পরিবর্তন হয়েছে। তাঁদের মধ্যে ৬৬৪ জন আগে অকৃতকার্য হলেও পুনর্নিরীক্ষণের পর পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।

এ বছর এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন। মূল ফল প্রকাশের পর তাঁদের মধ্যে ২০ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তাঁরা মোট ৩৪ হাজার ৩০৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

পুনর্নিরীক্ষণের আবেদন করা উত্তরপত্রগুলোর মধ্যে ১ হাজার ৩৭২টি বিষয়ের নম্বরে পরিবর্তন আসে। এর প্রভাবে ৬৬৭ জন পরীক্ষার্থীর লেটার গ্রেড পরিবর্তন হয়েছে। তাঁদের মধ্যে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছেন এবং ৪৬ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন। এ কারণে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় আবেদনের সংখ্যা বেশি হয়েছে।

সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। অর্থাৎ, মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!