যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

খাতা পুনর্নিরীক্ষণে মাদ্রাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ AM

১৫
খাতা পুনর্নিরীক্ষণে মাদ্রাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৫৫ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ২৯৩ জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, পুনর্নিরীক্ষণের পর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এসব পরীক্ষার্থীর ৫ হাজার ৯৪৪টি বিষয়ের উত্তরপত্রে নম্বর পরিবর্তন বা সংশোধন করা হয়েছে।

এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া ২৫৫ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯৩ জন।

৪০ হাজার পরীক্ষার্থী আবেদন করেন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৪০ হাজার ১২০ জন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

এসব পরীক্ষার্থী মোট ১ লাখ ৩ হাজার ৫০৩টি বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। পুনর্নিরীক্ষণের পর নম্বর সংশোধনের ফলে ১ হাজার ৫৪৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

মূল ফলের ৩১ দিন পর পুনর্নিরীক্ষণের ফল

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। সেই হিসাবে মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হলো।

পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হয়েছিল ১৭ আগস্ট রাতে। আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর বৃহস্পতিবার ফল প্রকাশ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!