যুক্তরাষ্ট্র   রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ১১ আশ্বিন ১৪৩৩

উচ্চশিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ AM

৫৭
উচ্চশিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য

জ্ঞান, সংলাপ ও উচ্চশিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘হোয়াট ওয়ার্কস ইন কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিসম: টুওয়ার্ডস হিউম্যান সেন্ট্রিক অ্যান্ড এভিডেন্স বেসড পলিসিজ’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রজেক্টের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ইন্টারন্যাশনাল সিকিউরিটি পলিসি ল্যাব এ সম্মেলনের আয়োজন করে।

সহিংস চরমপন্থা শান্তিপূর্ণ সহাবস্থানের অন্তরায়

অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সহিংস চরমপন্থা শুধু নিরাপত্তার সমস্যা নয়, এটি শান্তিপূর্ণ সহাবস্থানেরও অন্তরায়। আর শান্তিপূর্ণ সহাবস্থান সামাজিক বিশ্বাসকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, তারুণ্যের শক্তি, বিশ্বাস, সংস্কৃতি ও বৈচিত্র্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অন্যায়, অবিচার ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে এসব বৈশিষ্ট্য রক্ষা করতে হবে।

স্লোগানের বদলে গবেষণায় গুরুত্ব

উপাচার্য বলেন, সামাজিক প্রতিক্রিয়া শুধু স্লোগাননির্ভর না হয়ে সতর্ক গবেষণার ভিত্তিতে হওয়া উচিত। এসব প্রতিক্রিয়া হতে হবে বিচক্ষণ, মানবিক ও প্রমাণভিত্তিক।

এ ক্ষেত্রে তরুণ সমাজ, পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, সাংবাদিক, নীতিনির্ধারক এবং সহিংসতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

বিপজ্জনক মতাদর্শের প্রতি মানুষকে আকৃষ্ট করে এমন কারণগুলো চিহ্নিত করাও জরুরি বলে মন্তব্য করেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান

হিট প্রজেক্টের সদস্য ড. ইভা সাদিয়া সা’দের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।

এর আগে সকালে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম। 

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!