যুক্তরাষ্ট্র   রবিবার ১৬ আগস্ট ২০২৬, রবিবার ৩১ শ্রাবণ ১৪৩৩

শেখ হাসিনা দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন, আশা আইনমন্ত্রীর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৫:৩৫ AM

২৬
শেখ হাসিনা দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন, আশা আইনমন্ত্রীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন—এমনটাই তিনি বিশ্বাস করতে চান।

শুক্রবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তাঁকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনের ক্ষমতা অনেক দীর্ঘ।

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে হত্যা, গুম ও গণহত্যার সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মুখোমুখি হতে হলে তাঁকে দেশে ফিরে আসতে হবে।

বিচার বিভাগের সংস্কার ও জনগণের প্রত্যাশার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তাঁর স্বপ্নের বিচার বিভাগ হবে এমন একটি প্রতিষ্ঠান, যেখানে একজন দরিদ্র ও অসহায় মানুষ গিয়ে আস্থা ও বিশ্বাস রাখতে পারবেন।

তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে মানুষের অভিযোগ একেক রকম। কেউ দুর্নীতি, কেউ দালালচক্রের প্রভাব, আবার কেউ অবকাঠামোগত সংকটের কথা বলেন। তবে তাঁর মতে, বিচার বিভাগের অন্যতম বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।

বিচারকদের দায়িত্বের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারককে মনে রাখতে হবে, তিনি শুধু চাকরি করতে আসেননি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের অর্পিত বিচারিক ক্ষমতা প্রয়োগের দায়িত্ব নিয়ে তিনি এই পেশায় এসেছেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, অনেকে তাঁর ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার কথা বললেও তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দেননি; বরং একটি রেকর্ড করা অডিও বার্তা পাঠিয়েছেন। তবে দেশে ফিরে আসা কিংবা অন্য কোনো মাধ্যমে বক্তব্য দেওয়া—যেভাবেই হোক, তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ায় চলবে।

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যারা কথা বলছেন, তাঁদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত—এত অভিযোগের পরও তিনি কখনো জনগণের কাছে ক্ষমা চেয়েছেন কি না বা তাঁর সরকারের কোনো অপরাধের জন্য দায় স্বীকার করেছেন কি না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ উপস্থিত ছিলেন।

মতবিনিময় ও স্মরণসভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!