সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতা নিয়ে নিয়মিত লেখালেখি করা এই অভিনেত্রী এবার সম্পর্ক থেকে সরে আসা ও নিজেকে ভালো রাখার গুরুত্বের কথা তুলে ধরেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, ‘সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনো কখনো এটি নিজের কাছে অবশেষে সত্যি স্বীকার করা—একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।’
সম্পর্কে ভালোবাসার পাশাপাশি নিজের মানসিক শান্তি ও আত্মপরিচয় ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ‘ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না।’
প্রভা বলেন, কিছু মানুষ শুধু নিজেদের প্রয়োজনেই পাশে থাকে। আবার পরিবারের মধ্যেও এমন কেউ থাকতে পারেন, যিনি ব্যক্তিগত সীমা লঙ্ঘন করেন। কেউ কেউ পাশে থেকেও একজন মানুষকে একাকিত্বের অনুভূতি দিতে পারেন। এমন পরিস্থিতিতে মানুষ পরিবর্তনের আশায় চেষ্টা চালিয়ে যেতে থাকে। একসময় সে বুঝতে পারে, এই প্রক্রিয়ায় নিজেই হারিয়ে যাচ্ছে।
‘নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত’
প্রভা তাঁর পোস্টে আরও লেখেন, ‘জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয়।’ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, অনেকে মনে করতে পারেন একজন মানুষ বদলে গেছে। কিন্তু বাস্তবে কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা নয়, বরং কখনো কখনো এটি নিজেকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত।
পোস্টের শেষাংশে প্রভা লেখেন, ‘যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায় সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না।’
সম্পর্ক বা কোনো পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয় উল্লেখ করে তিনি বলেন, এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ। তাঁর মতে, কখনো কখনো কোনো কিছু ছেড়ে দেওয়াই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকাশ হতে পারে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!