খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন। এর মাধ্যমে ক্রীড়াবিদদের খেলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
শুক্রবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা হচ্ছে। এসব খেলোয়াড় ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিংকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। জবাবে মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারি, মন্ত্রণালয় ও ক্রীড়াসংশ্লিষ্ট কর্মকর্তাসহ ক্রীড়াপ্রেমী দর্শকেরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!