যুক্তরাষ্ট্র   রবিবার ১৬ আগস্ট ২০২৬, রবিবার ৩১ শ্রাবণ ১৪৩৩

জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর, সরানো যাবে দৃশ্যমান জলছাপ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫০ AM

১০
জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর, সরানো যাবে দৃশ্যমান জলছাপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও ও গানে থাকা দৃশ্যমান জলছাপ (ওয়াটারমার্ক) সরানোর সুযোগ দিতে যাচ্ছে গুগল। শিগগিরই জেমিনি ব্যবহারকারীরা চাইলে এ জলছাপ বন্ধ করতে পারবেন। তবে দৃশ্যমান জলছাপ সরানো হলেও কনটেন্টটি এআই দিয়ে তৈরি—এমন তথ্য গোপনে সংরক্ষিত থাকবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গুগল নতুন এ সুবিধার কথা জানিয়েছে। জেমিনি, ফ্লো এবং গুগলের কয়েকটি এআই মডেলে পর্যায়ক্রমে সুবিধাটি চালু করা হবে।

গুগলের জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, দৃশ্যমান জলছাপ বন্ধ করলেও গোপন জলছাপ ও অন্যান্য শনাক্তকরণ তথ্য মুছে যাবে না। ফলে পরবর্তী সময়েও কোনো ছবি বা কনটেন্ট এআই দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করা সম্ভব হবে।

থাকবে গোপন ‘সিন্থ আইডি’

গুগলের তৈরি গোপন জলছাপের নাম ‘সিন্থ আইডি’। এটি কনটেন্টের ভেতরে এমনভাবে যুক্ত থাকে, যা সাধারণভাবে খালি চোখে দেখা যায় না।

ফলে ব্যবহারকারীরা ছবির দৃশ্যমান জলছাপ সরিয়ে নিলেও কনটেন্টটির এআই-উৎপত্তির তথ্য পুরোপুরি মুছে ফেলতে পারবেন না। এর মাধ্যমে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার ব্যবস্থা বজায় থাকবে।

গুগলের এই পরিবর্তনের অন্যতম লক্ষ্য সৃজনশীল কাজকে আরও সহজ করা। দৃশ্যমান জলছাপ অনেক সময় ছবি বা ভিডিওর নকশা ও ব্যবহারে বাধা তৈরি করে। বিশেষ করে পেশাদার কাজে জলছাপ সমস্যার কারণ হতে পারে।

তবে একই সঙ্গে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার সুযোগও রাখতে চাইছে গুগল। এ কারণে দৃশ্যমান জলছাপ বন্ধ করার সুযোগ থাকলেও গোপন শনাক্তকরণ ব্যবস্থা চালু রাখা হচ্ছে।

কয়েক দিনের মধ্যেই চালু হতে পারে

নতুন সুবিধাটি আগামী কয়েক দিনের মধ্যে চালু হতে পারে। সুবিধাটি চালু হলে জেমিনির সেটিংস থেকে নির্দিষ্ট অপশন নির্বাচন করে দৃশ্যমান জলছাপ চালু বা বন্ধ করা যাবে।

এদিকে গুগল ‘ক্রেডেনশিও’ নামে একটি নতুন সফটওয়্যারও উন্মুক্ত করছে। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের তৈরি বিভিন্ন সফটওয়্যারে স্থানীয়ভাবে কনটেন্ট যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করতে পারবেন।

এআই দিয়ে তৈরি কনটেন্টের পরিচয় নিশ্চিত করার প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগলের নতুন সিদ্ধান্তকে এআই কনটেন্ট ব্যবহারে আরও নমনীয়তা এবং একই সঙ্গে কনটেন্ট শনাক্তকরণ ব্যবস্থা বজায় রাখার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!