প্রবীণদের সুরক্ষা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আইন ও নীতিমালার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আজ রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার।
আইনমন্ত্রী বলেন, বয়সজনিত কারণে অনেক ক্ষেত্রে প্রবীণরা শিশুদের চেয়েও বেশি অসহায় হয়ে পড়েন। তাই তাঁদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, প্রবীণদের প্রতি অবহেলা ও নির্যাতনের অনেক ঘটনা শুধু আইন প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, চলতি অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ৬৫ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের জন্য রেলপথে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি মেট্রোরেলে প্রবীণদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া ৯০ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণদের মাসিক ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে বলেও জানান তিনি।
সভায় প্রবীণদের অধিকার সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং তাঁদের প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!