নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্বাচল বেস্টওয়ে সিটি আবাসন প্রকল্পে প্লট বরাদ্দের নামে প্রায় ১০ হাজার পরিবারের কাছ থেকে ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। দীর্ঘ ১৮ বছরেও প্লট বুঝে না পাওয়ার অভিযোগ তুলে অর্থ ফেরত, ক্ষতিপূরণ, প্রকল্প বাস্তবায়ন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বাচল বেস্টওয়ে সিটি ওনার্স সোসাইটির (ভুক্তভোগী) সভাপতি মো. মনজুর আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৭ সাল থেকে পূর্বাচল বেস্টওয়ে সিটি আবাসন প্রকল্পের নামে চটকদার বিজ্ঞাপন ও মিথ্যা আশ্বাস দিয়ে দেশ-বিদেশে অবস্থানরত প্রায় ১০ হাজার পরিবারের কাছ থেকে প্লট বরাদ্দের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া রাস্তা, বিদ্যুৎ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নকাজের কথা বলে আরও শত কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে সাধারণ কৃষক, প্রবাসী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য, পেনশনভোগী এবং এতিম রয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘ ১৮ বছর পার হলেও গ্রাহকদের কাউকেই একটি প্লট বুঝিয়ে দেওয়া হয়নি।
মনজুর আলম আরও বলেন, ভুক্তভোগীরা তাঁদের বরাদ্দ করা প্লট বুঝে নিতে কিংবা জমা দেওয়া টাকা ফেরত চাইতে গেলে উল্টো মামলা, হামলা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এ কারণে অনেকে ভয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ প্রকল্পের উন্নয়নে ব্যয় না করে অভিযুক্ত ব্যক্তিরা কুয়াকাটা, কক্সবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে নিজেদের এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জমি ও সম্পদ গড়ে তুলেছেন। এ ছাড়া বিদেশে বেস্টওয়ের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা আদায় এবং সেই অর্থের একটি অংশ দেশে ফেরত না এনে বিদেশে সম্পদ কেনার অভিযোগও তোলা হয়। ভুক্তভোগীদের ভাষ্য, এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে অর্থের প্রকৃত গন্তব্য ও সম্পদের উৎস বেরিয়ে আসবে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্লট কিংবা জমা দেওয়া টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। বছরের পর বছর অপেক্ষা করতে করতে অনেকে চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে এবং মানসিক যন্ত্রণায় মারা গেছেন বলেও দাবি করেন তাঁরা।
সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দুর্নীতি দমন কমিশন (দুদক), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সমন্বয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন; প্রকল্পসংশ্লিষ্ট ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দের ব্যবস্থা; অভিযুক্ত চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা, গ্রেপ্তার এবং আইনানুগ বিচারের উদ্যোগ; ভুক্তভোগীদের প্লট বুঝিয়ে দেওয়া অথবা জমাকৃত সম্পূর্ণ অর্থ সুদসহ ফেরত ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।
এ ছাড়া ভুক্তভোগীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে আবাসন খাতে এ ধরনের প্রতারণা ঠেকাতে রাজউকের অধীনে কঠোর তদারকি সেল গঠনের দাবি জানানো হয়।
ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, অর্থ ও সম্পদের প্রকৃত হিসাব নিরূপণ এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Mizanur Rahman আমাদের প্রাপ্য ফেরত দিবে না । এইসব বাটপার রা সুযোগ পাই আমাদের দেশের দুর্বল প্রাশনের জন্য । তারপর ও আমরা এই সরকার এর কাছে দাবি জানাই আমাদের প্রাপ্য বুঝাই দেয়ার জন্য । নাহলে আমরা আইন নিজেদের হাত এ তুলে নিতে বাধ্য হবো । আমরা সর্বস্ব দিয়েছি, এখন আর হারানোর ভয় নাই …
২২ অক্টোবর ২০২৬, ১১:২৭ AMMizanur Rahman আমাদের প্রাপ্য ফেরত দিবে না । এইসব বাটপার রা সুযোগ পাই আমাদের দেশের দুর্বল প্রাশনের জন্য । তারপর ও আমরা এই সরকার এর কাছে দাবি জানাই আমাদের প্রাপ্য বুঝাই দেয়ার জন্য । নাহলে আমরা আইন নিজেদের হাত এ তুলে নিতে বাধ্য হবো । আমরা সর্বস্ব দিয়েছি, এখন আর হারানোর ভয় নাই …
২২ অক্টোবর ২০২৬, ১১:২৬ AM