১ জুলাই ২০২৬
একজন অতিরিক্ত সচিব ও একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দম্পতির বিরুদ্ধে জমি ও ফ্ল্যাট আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী ও রেদওয়ান প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জুলফিকার হায়দার।
বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জুলফিকার হায়দার দাবি করেন, অভিযুক্ত অতিরিক্ত সচিব মো. শামীমুজ্জামান (ফিরোজ) তার আত্মীয় হওয়ায় পারিবারিক সম্পর্কের ভিত্তিতে ২০০৭ সালে পুলিশ আনন্দ হাউজিং সোসাইটির একটি প্লটের জন্য তার কাছ থেকে ১০ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতিতে তিনি সেগুনবাগিচার একটি ফ্ল্যাটও নিজের নামে গ্রহণ ও পরে ফেরত দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন।
তার দাবি, পরবর্তীতে জমি ও ফ্ল্যাট ফেরত চাইলে অভিযুক্তরা প্রশাসনিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি, হয়রানি এবং একাধিক মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন, কয়েকটি মামলায় এজাহারে তার নাম না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় 'শোন অ্যারেস্ট' দেখানো হয়। এসব মামলার বাদীরা লিখিতভাবে তিনি আসামি নন বলে জানিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন।
জুলফিকার হায়দার আরও অভিযোগ করেন, তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সরকারের প্রধান উপদেষ্টা, দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্তদের প্রভাবের কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তার দাবি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত দম্পতি ও তাদের পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে, যার মধ্যে বিভিন্ন এলাকায় জমি, প্লট, ফ্ল্যাট, আবাসন প্রকল্পের সম্পত্তি এবং অন্যান্য বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। এসব সম্পদের বৈধ উৎস অনুসন্ধানে দুদক, এনবিআর এবং সংশ্লিষ্ট সংস্থার তদন্ত দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জুলফিকার হায়দার সরকারের কাছে তার দাবি করা জমি ও ফ্ল্যাট ফেরত দেওয়ার পাশাপাশি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!