মেজর লিগ সকারে (এমএলএস) নিজের আধিপত্য ধরে রেখেছেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
সদ্য শেষ হওয়া মৌসুমে মেসির ধারেকাছেও ছিলেন না অন্য গোলদাতারা। এফসি ডালাসের পিটার মুসা ২২ গোল এবং ন্যাশভিলের স্যাম সুরিজ ২১ গোল করে তালিকার পরের দুটি অবস্থানে রয়েছেন।
গোল্ডেন বুট জয়ের পাশাপাশি আরও কয়েকটি আক্রমণাত্মক পরিসংখ্যানে শীর্ষস্থান দখল করেছেন মেসি। ম্যাচপ্রতি গোলের হিসাবে তাঁর গড় ০.৮৭, গোল অবদানে ৪৩ এবং এক ম্যাচে একাধিক গোল করার হিসাবে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। প্রতি ৯০ মিনিটে গোলের হিসাবে তাঁর অবস্থান দ্বিতীয়; গড় ০.৯১।
মেসির ২৬ গোলের মধ্যে পেনাল্টি থেকে এসেছে মাত্র একটি। অর্থাৎ পেনাল্টি ছাড়া করেছেন ২৫ গোল, যা এমএলএসের এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকার শীর্ষেও রয়েছেন মেসি। ২০২৫ সালে পেনাল্টি ছাড়া ২৮ গোল করেছিলেন তিনি।
২০২৫ সালে সব মিলিয়ে ২৯ গোল করেছিলেন মেসি। ফলে লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোল করার কীর্তিও গড়েছেন তিনি।
গত তিন মৌসুমে মেসির গোলসংখ্যা ৭৫। এমএলএসের ইতিহাসে তিন মৌসুম মিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করার কৃতিত্বও রয়েছে তাঁর। এই রেকর্ডে মেসির সঙ্গে রয়েছেন ২০২৩ সালের গোল্ডেন বুটজয়ী ডেনিস বোয়াঙ্গা, যিনি ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা তিন মৌসুমে এ কৃতিত্ব দেখিয়েছেন।
গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও অনন্য মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ৪০ গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি। ২০২৬ মৌসুমে তাঁর গোল অবদান ৪৩, যা এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ গোল অবদানের তালিকায় তৃতীয়।
সব মিলিয়ে গত তিন মৌসুমে মেসির গোল অবদান ১২৭। এ সময়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের গোল অবদান ৯৮। অর্থাৎ প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৯ গোলে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!