প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ।
এই সাফল্যের পর অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। এশিয়া কাপ থেকে চারটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ভারত যদি বিশ্বকাপের স্বাগতিক হয়, সে ক্ষেত্রে পঞ্চম দল হিসেবেও বাংলাদেশের বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশ নারী হকি দলের কোচ জাহিদ হোসেন রাজু বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছেন, পঞ্চম হলে আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে। কিছুদিনের মধ্যে বিষয়টি নিশ্চিত হতে পারব।’
চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা।
ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পুরো টুর্নামেন্টেই লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর এলিট গ্রুপের জাপানের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা।
কোচ জাহিদ হোসেন রাজু বলেন, ‘আমরা চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। জাপানের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করেছি। মেয়েরা আরও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলে জাপানের বিপক্ষে ভালো ফল করতে পারত। গতকাল তাদের কাছে হারের পর আজ মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে।’
বাংলাদেশ নারী হকি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিকেএসপির হকির প্রধান কোচ জাহিদ হোসেন রাজু। তাঁর কোচিংয়েই বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনূর্ধ্ব-২০ দলের এই সাফল্য তাই নারী হকির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী করে তুলেছে সংশ্লিষ্টদের।
এদিকে আজ শনিবার বিকেলে পুরুষ দল সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!