টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু আবারও পানিতে ডুবে গেছে। শুক্রবার বিকেলে সেতুর পাটাতনে প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পানি উঠে যায়। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সেতুতে দর্শনার্থীদের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতনে প্রায় চার ইঞ্চি পানি ওঠে। ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপার বন্ধ রাখা হয়েছে।
পানি কমে গেলে আবারও দর্শনার্থীদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মেশে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কয়েক দিন ধরে হ্রদের পানি বাড়ছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে যায়।
পাঁচ দিনের ব্যবধানে আবারও কাপ্তাই বাঁধের জলকপাট খোলা
কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে পাঁচ দিনের ব্যবধানে আবারও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাঁধের জলকপাট খোলা হলো।
শুক্রবার সকালে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল পৌঁছালে জলকপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করা হয়েছিল।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!