শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শিক্ষার মান বাড়লেই বাংলাদেশ বদলে যাবে।
আজ লালমনিরহাট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়বে। তাই শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আসাদুল হাবিব দুলু।
আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাঁদের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে।
সভায় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ অন্যরা বক্তব্য দেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!