দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ও বিচারপ্রার্থী ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জনকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে এসব সেবা দেওয়া হয়।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ৩১ হাজার ২২২ জন। দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার—টোল ফ্রি ১৬৬৯৯ নম্বরে যোগাযোগ করে সেবা পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন।
অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন ৩৮০ জন। পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জনকে আইনগত বিষয়ে সচেতন করা হয়েছে।
সব মিলিয়ে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রমের আওতায় সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।
আর্থিকভাবে অস্বচ্ছল ও বিচারপ্রাপ্তিতে অসমর্থ ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!