যুক্তরাষ্ট্র   শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ২৭ ভাদ্র ১৪৩৩

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ AM

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, একজন নারী স্বাবলম্বী হলে শুধু তিনি নন, পুরো পরিবারই স্বাবলম্বী হয়ে ওঠে।

আজ শুক্রবার টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের সম্মানিত করার পাশাপাশি তাঁদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কর্মসূচির আওতা পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। এ বিষয়ে মূল্যায়ন কার্যক্রমও চলছে। তাই এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। কেউ বাদ পড়বেন না; পর্যায়ক্রমে সবাই এ কর্মসূচির আওতায় আসবেন।

নারীদের হাতে অর্থনৈতিক সক্ষমতা তুলে দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নারীরা সাধারণত সঞ্চয়ী ও দায়িত্বশীল। পরিবারের কল্যাণ, সন্তানদের শিক্ষা ও ভবিষ্যতের জন্য তাঁরা অর্থ যথাযথভাবে ব্যয় করেন। ফলে নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলার উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছে অভিযোগ করে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করেছে। সেই অর্জন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা দুর্দিনে জনগণের পাশে ছিলেন এবং দেশের জন্য কাজ করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে।

টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!