যুক্তরাষ্ট্র   শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ২৭ ভাদ্র ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ AM

২৭
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনতেই নাজমুল হোসেন শান্তকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন এশিয়ান গেমসে বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শান্ত। সর্বশেষ ২০২৫ সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সংস্করণে খেলেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর এশিয়ান গেমসের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দলে শান্তর অন্তর্ভুক্তি অনেকের কাছেই বিস্ময় তৈরি করেছে।

তবে সালাহউদ্দিনের মতে, বাংলাদেশের সেরা খেলোয়াড়দের তালিকায় শান্তর অবস্থান এবং টি-টোয়েন্টিতে তাঁর অভিজ্ঞতা বিবেচনা করেই তাঁকে দলে নেওয়া হয়েছে।

সোমবার অলিম্পিক ভবনে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশি ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশের সেরা ১৫ জন খেলোয়াড়ই খেলবে। কে দলে এল বা কে বাদ পড়ল, সেটা বড় কথা নয়। মূল বিষয় হলো আমাদের সেরা ১৫ জন খেলোয়াড় খেলছে। শান্ত সেরা ১৫ খেলোয়াড়ের একজন। আমরা সেভাবেই তাকে দলে নিয়েছি।’

দীর্ঘ বিরতিতে সমস্যা দেখছেন না সালাহউদ্দিন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘ সময় না খেললেও শান্তর ছন্দে ফিরতে সমস্যা হবে না বলে মনে করেন সালাহউদ্দিন। তাঁর মতে, এই সংস্করণে শান্ত যথেষ্ট অভিজ্ঞ এবং বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায়ও নিয়মিত খেলেছেন।

সালাহউদ্দিন বলেন, ‘টি-টোয়েন্টিতে সে নতুন কোনো খেলোয়াড় নয়। সর্বশেষ যখন সে টি-টোয়েন্টি খেলেছে, তখনও সে খারাপ খেলেনি। বিপিএলসহ বিভিন্ন টুর্নামেন্টে তার অনেক সেঞ্চুরি রয়েছে। আমার মনে হয়, এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হবে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শান্তর ফেরা বাংলাদেশকে বাড়তি অভিজ্ঞতা দেবে বলেও মনে করেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘আমি আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা একজন অভিজ্ঞ ব্যাটারকে খেলাব।’

পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

এশিয়ান গেমসের জন্য শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘এইচপি’ দল পাঠানোর পরিকল্পনা করেছিল। তবে ভারত ও পাকিস্তানসহ কয়েকটি শক্তিশালী দল মূল জাতীয় দল পাঠানোর ইঙ্গিত দেওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনে বিসিবি।

সালাহউদ্দিন বলেন, ‘শুরুতে এইচপি দলেরই যাওয়ার কথা ছিল। কিন্তু যখন দেখলাম অন্য দেশগুলোও তাদের মূল জাতীয় দল পাঠাচ্ছে, তখন ভাবলাম আমরা কেন তাদের পাঠাব না?’

ফলে এশিয়ান গেমসের ক্রিকেটে এবার তুলনামূলক শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এই দলেই থাকছেন শান্ত, যাঁর প্রত্যাবর্তনকে সামনে রেখে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!