যুক্তরাষ্ট্র   শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ২৭ ভাদ্র ১৪৩৩

রোনালদোকে ছাড়িয়ে মেসির পাশে বার্সেলোনার রাফিনিয়া

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ AM

৭৪
রোনালদোকে ছাড়িয়ে মেসির পাশে বার্সেলোনার রাফিনিয়া

বার্সেলোনার আক্রমণভাগে দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন রাফিনিয়া। চলতি মৌসুমে লা লিগায় মাঠে নামলেই গোল করছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষেও গোল করে অনন্য এক রেকর্ডে লিওনেল মেসির পাশে জায়গা করে নিয়েছেন তিনি।

ভ্যালেন্সিয়ার মাঠে ৫–০ গোলের জয়ে বার্সেলোনার হয়ে একটি গোল করেন রাফিনিয়া। ম্যাচের ৫০ মিনিটে ফারমিন লোপেজের নিখুঁত ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

এই গোলের ফলে চলতি লা লিগায় প্রথম চার ম্যাচেই রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। এর মাধ্যমে একবিংশ শতাব্দীতে লা লিগার প্রথম চার ম্যাচে ছয় গোল করার কীর্তিতে মেসির সঙ্গে নাম লেখালেন তিনি। মেসি ২০১২–১৩ ও ২০১৩–১৪ মৌসুমে প্রথম চার ম্যাচে ছয়টি করে গোল করেছিলেন।

রাফিনিয়া এবার ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। রোনালদো তিনটি ভিন্ন মৌসুমে লা লিগায় দলের প্রথম চার ম্যাচ শেষে পাঁচটি করে গোল করেছিলেন।

চলতি মৌসুমে রাফিনিয়ার গোল এসেছে তিন ম্যাচে। এলচের বিপক্ষে দুটি, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একটি এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে দুটি গোল করেছিলেন তিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আরও একটি গোল করে চার ম্যাচে ছয় গোল পূর্ণ করেছেন ব্রাজিলিয়ান তারকা।

বার্সেলোনার হয়ে টানা সর্বোচ্চ পাঁচ ম্যাচে গোল করার রেকর্ডও রয়েছে। ১৯৫০–৫১ মৌসুমে সিজার রদ্রিগেজ টানা পাঁচ ম্যাচে গোল করেছিলেন, যার মধ্যে তাঁর মোট গোল ছিল আটটি। পরে ২০০৯–১০ মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচও নিজের অভিষেক মৌসুমে টানা পাঁচ ম্যাচে গোল করেছিলেন। সেবার তাঁর গোল ছিল পাঁচটি।

রাফিনিয়ার সামনে এখন সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ। মৌসুমের শুরুতে যেভাবে গোল করে চলেছেন, তাতে বার্সেলোনার এই ব্রাজিলিয়ান তারকার চোখ যে পরের ম্যাচেও গোলের দিকে থাকবে, তা বলাই যায়।

এদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয়ে জোড়া গোল করেছেন লামিন ইয়ামালও। তবে চার ম্যাচে ছয় গোল করে আপাতত বার্সেলোনা ও লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রাফিনিয়া।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!