যুক্তরাষ্ট্র   শনিবার ৬ জুন ২০২৬, শনিবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পথে আর্জেন্টিনা, তবে আছে এক ‘অভিশাপের’ পরিসংখ্যান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৯:০২ AM

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পথে আর্জেন্টিনা, তবে আছে এক ‘অভিশাপের’ পরিসংখ্যান

বিশ্বকাপ শুরুর আগে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠার সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। তবে সেই সম্ভাবনার সঙ্গে জড়িয়ে আছে একটি অদ্ভুত পরিসংখ্যান, যা হয়তো আর্জেন্টিনা সমর্থকদের কিছুটা ভাবনায় ফেলতে পারে।

বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পয়েন্ট হারিয়েছে ফ্রান্স ও স্পেন। আইভরি কোস্টের কাছে ২–১ গোলে হেরে ফ্রান্স নেমে গেছে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে। অন্যদিকে ইরাকের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে স্পেন। ফলে বর্তমানে তিন নম্বরে থাকা আর্জেন্টিনার সামনে শীর্ষে ওঠার পথ খুলে গেছে।

আগামীকাল হন্ডুরাসের বিপক্ষে জয় পেলে লিওনেল স্কালোনির দল রেটিং পয়েন্ট বাড়িয়ে ১৮৭৬.১১–তে পৌঁছাবে। তাতেই বিশ্বকাপের আগে ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ইতিহাস বলছে, বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলগুলোর জন্য এই অবস্থান খুব একটা সুখকর হয়নি। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালুর পর থেকে কোনো বিশ্বকাপেই টুর্নামেন্ট শুরুর আগে এক নম্বরে থাকা দল শিরোপা জিততে পারেনি।

১৯৯৪ বিশ্বকাপের আগে শীর্ষে ছিল জার্মানি। তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে, আর শিরোপা জেতে ব্রাজিল। ১৯৯৮ সালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে যায়।

২০০২ বিশ্বকাপে এক নম্বর দল হিসেবে অংশ নেওয়া ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালে ব্রাজিল, ২০১০ সালে ব্রাজিল এবং ২০১৪ সালে স্পেনও শীর্ষ র‌্যাঙ্কিং নিয়ে বিশ্বকাপে গিয়েও শিরোপা জিততে পারেনি।

২০১৮ সালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জার্মানি বিশ্বকাপ থেকে বিদায় নেয় গ্রুপ পর্বেই। আর ২০২২ কাতার বিশ্বকাপের আগে এক নম্বরে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে যায়। সেই আসরে শিরোপা জেতে আর্জেন্টিনা।

এবারও বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। তবে ইতিহাসের সেই দীর্ঘ ‘অভিশাপ’ ভেঙে শিরোপা ধরে রাখতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!