যুক্তরাষ্ট্র   শনিবার ৬ জুন ২০২৬, শনিবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

১১ মাসে রেমিট্যান্স এলো ৩৩.২৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৮ শতাংশের বেশি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৬:১৪ AM

১১ মাসে রেমিট্যান্স এলো ৩৩.২৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৮ শতাংশের বেশি

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৩ হাজার ৩২৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮১১ কোটি ডলার।

শুধু ৩ জুন এক দিনেই দেশে এসেছে ১১ কোটি ৬৩ লাখ ডলার। জুন মাসের প্রথম তিন দিনে মোট রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ৩০ লাখ ডলার। তবে গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৬০ কোটি ৩৫ লাখ ডলার।

অর্থনীতিবিদেরা বলছেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে আমদানি ব্যয় পরিশোধ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তাঁদের মতে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রণোদনা, প্রবাসী আয়ের ওপর নগদ সহায়তা এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় প্রবাসীরা এখন আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে হুন্ডির পরিবর্তে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, অর্থবছরের শেষ মাসেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় অব্যাহত থাকলে চলতি অর্থবছরে প্রবাসী আয়ের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!