যুক্তরাষ্ট্র   শনিবার ৬ জুন ২০২৬, শনিবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৬:৩৯ AM

১০
সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধমন্ত্রী

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার শেষে দ্রুত দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলায় ক্ষতিগ্রস্ত জাদুঘরটিকে আধুনিকায়নের মাধ্যমে আগের মর্যাদায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসসংলগ্ন জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

আহমেদ আজম খান বলেন, জাদুঘরটির বিভিন্ন অংশ সংস্কার ও সংরক্ষণের কাজ করা হবে। জিয়াউর রহমানের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিচিহ্নগুলো আধুনিক উপায়ে সংরক্ষণ করা হবে। সংস্কারকাজের সুবিধার্থে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সংস্কারের মাধ্যমে ঐতিহাসিক এ স্থাপনাকে আরও সমৃদ্ধ করা হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বীর উত্তম খেতাব অর্জন, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তাঁর অবদান সংরক্ষণে মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

কালুরঘাট বেতার কেন্দ্রসংলগ্ন জিয়া স্বাধীনতা কমপ্লেক্সের বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে নাম পরিবর্তন করা হলেও ভবিষ্যতে এটিকে আবার ‘জিয়া মেমোরিয়াল কমপ্লেক্স’ হিসেবে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জাদুঘর ও কমপ্লেক্স—দুটিই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এসব স্থাপনার সংরক্ষণ প্রয়োজন।

তিনি জানান, ভূমিকম্পসহ বিভিন্ন কারণে জাদুঘর ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে এটি আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

পরিদর্শনের সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!