যুক্তরাষ্ট্র   শনিবার ৬ জুন ২০২৬, শনিবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিয়াউর রহমানের দেখানো পথেই এগোতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৫:৪৪ AM

জিয়াউর রহমানের দেখানো পথেই এগোতে চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে আত্মমর্যাদা ও স্বতন্ত্র পরিচয়ের ভিত্তি এনে দিয়েছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি দেশকে সামনে এগিয়ে নিতে চায়।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসার সময় দেশ নানা সংকট ও অস্থিরতার মধ্যে ছিল। সে পরিস্থিতিতে তিনি জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পুনর্গঠনের উদ্যোগ নেন এবং সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, জিয়াউর রহমান কোনো দেশের ওপর নির্ভরশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাননি। তিনি দেশের নিজস্ব শক্তি, সামর্থ্য ও জনগণের ওপর আস্থা রেখেছিলেন। এ কারণেই তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় যেভাবে কাজ করছেন, তার মধ্যেও শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের প্রতিফলন দেখা যায়। বিএনপি সেই আদর্শ ধারণ করেই দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মার্চে দেশের মানুষ যখন অনিশ্চয়তার মধ্যে ছিল, তখন নিজের জীবন বাজি রেখে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনগণকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি বলেন, পাকিস্তানি শাসনামলে বাঙালিদের ওপর যে বৈষম্য ও নিপীড়ন চালানো হয়েছিল, তা জাতি কখনো ভুলতে পারবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের আগে বিভিন্ন মাধ্যমে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের প্রচার চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণ বিএনপির পক্ষেই রায় দিয়েছে। কারণ দেশের মানুষ বিশ্বাস করে, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. মুশতাক খান, এএনএম মুনিরুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক আবু রূশদ এবং ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রগঠনে তাঁর অবদান নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!