যুক্তরাষ্ট্র   শনিবার ৬ জুন ২০২৬, শনিবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৫:৫২ AM

বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আওতায় প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি বিনিয়োগ আনয়নে অবদান রাখা বাংলাদেশি নাগরিকদের উৎসাহিত করার ব্যবস্থা রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’-এর অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনীতিতে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আহরণে সম্পৃক্ত করতে প্রণোদনা কাঠামো নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উত্থাপিত ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মুনাফাভিত্তিক বা অলাভজনক কোম্পানি ও সংগঠন গঠন করতে পারবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের সুযোগও পাবে বিশ্ববিদ্যালয়টি।

সভায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও বহুমুখী ও আধুনিক করতে বিদ্যমান আইনের কিছু বিধান সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে তাঁর এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!