যুক্তরাষ্ট্র   শনিবার ৬ জুন ২০২৬, শনিবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কমিশনারের গাড়িবহর নিয়ে সমালোচনার জবাব দিল ডিএমপি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৫:৪১ AM

১০
কমিশনারের গাড়িবহর নিয়ে সমালোচনার জবাব দিল ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের গাড়িবহর ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গ করেছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে ডিএমপি। সংস্থাটি বলেছে, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর এবং প্রকৃত পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়।

বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, কমিশনারের গমনাগমন নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনে ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, রাজধানীর মিন্টো রোড কোনো একমুখী সড়ক নয়; এটি দ্বিমুখী চলাচলের জন্য উন্মুক্ত। যান চলাচল নিয়ন্ত্রণের অংশ হিসেবে সেখানে কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যারিকেড ব্যবহার করে একটি অস্থায়ী ইউ-টার্ন ব্যবস্থা চালু করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যারিকেড স্থায়ী কোনো ট্রাফিক নিষেধাজ্ঞা নয়। প্রয়োজন অনুযায়ী এটি খুলে দেওয়া বা পুনরায় স্থাপন করা হয়, যা নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনারই অংশ।

ডিএমপি দাবি করেছে, কমিশনারের গাড়িবহরের চলাচলও সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নির্দেশনার মধ্যেই সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা গ্রহণ কিংবা ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সাধারণ মানুষের জন্য বন্ধ থাকা পথ শুধু কমিশনারের গাড়িবহরের জন্য খুলে দেওয়া হয়েছিল। বাস্তবে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

এর আগে এক সংবাদ সম্মেলনে ‘ট্রাফিক আইন সবার জন্য সমান’—এমন মন্তব্য করার পর কমিশনারের গাড়িবহর ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়।

ডিএমপি তাদের বক্তব্যে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেছে, জনমত গঠনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তাই এ ধরনের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!