চলতি বছরের হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ জন বাংলাদেশি হাজি। গতকাল রোববার পর্যন্ত তিনটি বিমান সংস্থার ৯৭টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন।
হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯০৪ জন রয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৮টি, সৌদিয়া এয়ারলাইনস ৪০টি এবং ফ্লাইনাস ১৯টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর হজ পালনকালে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। মৃতদের মধ্যে ৩৫ জন মক্কায়, ১২ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন। মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪০১ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। হজ মৌসুমে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো প্রায় ৫৮ হাজার ৯৯০ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে।
এ ছাড়া মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৬ হাজার ৭৯০ জন হাজিকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে বলে হজ বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয় এবং ২১ মে শেষ হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে। এ কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!