যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৬:০৩ AM

প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই দারুণ শুরু করেছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনেই স্বাগতিক অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা।

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২ ওভারে ৪ উইকেটে ৭৪ রান। স্টিভেন স্মিথ ৭ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে অবশ্য স্বাগতিকদের বেশ ভালোভাবেই সামলেছেন দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড। উদ্বোধনী জুটিতে ৭১ বলে ৪৫ রান যোগ করেন তাঁরা।

১২তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ওভারের চতুর্থ বলে ৪ চারে ২৩ রান করা ওয়েদারাল্ডকে আউট করেন তিনি।

পরের ওভারেই আবার আঘাত হানেন হাসান। ৩ বাউন্ডারিতে ২২ রান করা হেডকে বোল্ড করে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট তুলে নেন এই পেসার। ৫২ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া।

এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আরও চাপ তৈরি করেন এবাদত হোসেন। তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনকে মাত্র ১ রানে ফিরিয়ে দিয়ে দলকে তৃতীয় সাফল্য এনে দেন তিনি।

প্রথম সেশনের শেষ বলটিও বাংলাদেশের পক্ষে যায়। ক্যামেরন গ্রিনকে ১৩ রানে আউট করে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

ফলে প্রথম সেশন শেষে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে অস্ট্রেলিয়া। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ দল।

দুই দলের একাদশ

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!