চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস আগস্টের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১১ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। শুধু ১১ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৭০ লাখ ডলার।
অর্থবছরের শুরুতেও রেমিট্যান্সে ঊর্ধ্বগতি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪২৪ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮১ কোটি ৫০ লাখ ডলার বা ২৩ দশমিক ৮ শতাংশ।
চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং ডলারের বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!