ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ‘কসৌটি জিন্দেগি কি’খ্যাত এই অভিনেত্রীর শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
শ্বেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।
এদিকে শ্বেতার অসুস্থতার খবর এমন সময়ে সামনে এসেছে, যখন নতুন একটি রিয়্যালিটি শো নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। আগামী ১৩ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা করণ জোহরের নতুন রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় মৌসুম। এতে ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় রয়েছে শ্বেতা তিওয়ারির নাম।
তবে শো শুরুর ঠিক আগে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতা কাটিয়ে তিনি শুটিং বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন কি না, সেটিই এখন ভক্তদের বড় প্রশ্ন।
ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায়
‘দ্য ট্রেইটর্স’-এর একটি প্রচারণামূলক ভিডিওতে শ্বেতাকে তাঁর ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি দাবি করেন, কীভাবে নিজের স্বামীর পরকীয়া বা প্রতারণার বিষয়টি তিনি হাতেনাতে ধরেছিলেন।
শ্বেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এর আগে তাঁর সাবেক স্বামী রাজা চৌধুরীর একটি সাক্ষাৎকারও আলোচনায় আসে। সেখানে শ্বেতার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন রাজা। তিনি দাবি করেন, তাঁদের দাম্পত্য জীবন চলাকালীন শ্বেতা অভিনেতা সিজান খানসহ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
রাজা জানান, দীর্ঘদিন চুপ থাকার পর নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দিতেই তিনি মুখ খুলেছেন।
শ্বেতার অসুস্থতার পাশাপাশি এসব ব্যক্তিগত বিষয় নিয়েও এখন ভারতীয় বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!