সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাসে জানানো হয়েছে।
আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ১৭ মে রোববার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে।
তিনি বলেন, ওইদিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ দিগন্তের ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে নতুন চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই হিসাব অনুযায়ী আগামী ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে জিলহজের ৯ তারিখ অর্থাৎ আরাফা দিবস পড়তে পারে ২৬ মে মঙ্গলবার।
এর পরদিন ২৭ মে বুধবার সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে সম্ভাব্য তারিখ। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর।
প্রতি বছরই চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম দেশগুলো ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করে থাকে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!