চলতি বছর পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ১১৩টি ফ্লাইটে তারা সেখানে যান।
সোমবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৮৪ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী পরিবহন করেছে।
চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতদের সবাই পুরুষ। তাঁদের মধ্যে মক্কায় পাঁচজন এবং মদিনায় দুজন মারা গেছেন। সর্বশেষ গত ২৮ এপ্রিল রংপুরের কোতোয়ালি মেট্রো থানার বাসিন্দা মো. শামসুল আলম (৬৩) মৃত্যুবরণ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।
হজ শেষে দেশে ফেরার ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে। জেদ্দা থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!