যুক্তরাষ্ট্র   শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ২৭ ভাদ্র ১৪৩৩

দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে সমবায় ব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ AM

২৯
দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে সমবায় ব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী

দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে বাংলাদেশ সমবায় ব্যাংককে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মুনাফার চেয়ে মানুষের কল্যাণে গুরুত্ব

ড. আবদুল মঈন খান বলেন, সমবায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়; বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তবে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি ব্যাংককে টিকিয়ে রাখতে আর্থিক শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে চলা জরুরি।

তিনি বলেন, ঋণ নিয়ে তা পরিশোধ না করার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। প্রাকৃতিক দুর্যোগ বা বাস্তব কোনো কারণে ঋণ পরিশোধে সমস্যা হলে তা মানবিকভাবে বিবেচনা করা হবে। তবে ঋণের অর্থ অন্য কাজে ব্যয় করে ইচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া মেনে নেওয়া হবে না।

সমস্যা সমাধানে সমবায়ীদের সঙ্গে কাজের আশ্বাস

সমবায় ব্যাংকের বিভিন্ন সমস্যা যুক্তিসংগতভাবে তুলে ধরার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, দেশের দরিদ্র মানুষের কল্যাণে ব্যাংকটিকে আরও কার্যকর করতে সমবায়ীদের সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম।

বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. সেলিম ফকির।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!