যুক্তরাষ্ট্র   শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ২৭ ভাদ্র ১৪৩৩

সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রিজভী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ AM

২৩
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রিজভী

সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী এম সাইফুর রহমান তাঁর অবদান ও অর্জনের কারণে শুধু বিএনপির গৌরব নন, তিনি পুরো জাতির সম্পদ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, নানা অবদান ও কৃতিত্বের কারণে সাইফুর রহমান বাংলাদেশের সম্পদ এবং বিএনপির গৌরব।

ভ্যাট চালুর প্রসঙ্গ

সাইফুর রহমানের অর্থনৈতিক সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে রিজভী বলেন, ১৯৯১ সালে তিনি মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু করলে আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে এর ব্যাপক সমালোচনা হয়েছিল। সংসদেও এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে ভ্যাট ব্যবস্থা বাতিল করেনি।

রিজভী বলেন, ‘এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রাণ সঞ্চার করেছিল। এটা সাইফুর রহমানের অবদান।’

সাইফুর রহমানের ব্যবস্থাপনা দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তি হিসেবে তাঁর উচ্চতা, ব্যবস্থাপনার সক্ষমতা ও অর্থনীতি পরিচালনার দক্ষতা নিয়ে বিরোধীরা তেমন সমালোচনা করতে পারেনি। জনগণের মধ্যে তাঁর দক্ষতা ও যোগ্যতা প্রতিষ্ঠিত ছিল।

‘লুটপাটের অর্থনীতি’ নিয়ে সমালোচনা

সাইফুর রহমানের সময় দেশের ব্যাংকিং ও বাজেট ব্যবস্থাপনার প্রশংসা করে রিজভী বলেন, তিনি অর্থনৈতিক ব্যবস্থাপনায় এমন ব্যবস্থা করেছিলেন যাতে টাকা পাচার, ব্যাংক লুট বা ব্যাংকের অর্থ দিয়ে সরকারের ঘাটতি বাজেট পূরণের মতো ঘটনা ঘটতে না পারে।

তাঁর অভিযোগ, পরবর্তী ১৭ বছর দেশে ‘লুটপাটের অর্থনীতি’ ও ‘লুটপাটের বাজেট’ চলেছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে এবং টাকা পাচার অর্থনীতির একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে।

রিজভী বলেন, সাইফুর রহমানের লক্ষ্য ছিল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। একজন মানুষকে কীভাবে নিজের পায়ে দাঁড় করানো যায়, তিনি তা জানতেন।

শেয়ারবাজার নিয়ে বক্তব্য

রিজভী আরও বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকা অবস্থায় বিএনপি সরকারের সময়ে শেয়ারবাজারে বড় ধরনের লুটপাট হয়নি। ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁর অর্থনৈতিক ব্যবস্থাপনার সময় শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল।

অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে একটি দরিদ্র ও পশ্চাৎপদ দেশকে স্বাবলম্বী করার ক্ষেত্রে সাইফুর রহমান তাঁর মেধা, দক্ষতা ও ব্যবস্থাপনার সক্ষমতা কাজে লাগিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে তিনি আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছেন বলে উল্লেখ করেন রিজভী।

জনকল্যাণমূলক উদ্যোগের কথা

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ড, খাল খনন এবং বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিতে জনকল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে নিয়ে যাবে এবং বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, বাংলাদেশের দারিদ্র্য পুরোপুরি দূর হয়ে দেশ একটি সমৃদ্ধ জাতিতে পরিণত হবে—এটাই দেশের মানুষের প্রত্যাশা।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান সভায় সভাপতিত্ব করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!