যুক্তরাষ্ট্র   শনিবার ৬ জুন ২০২৬, শনিবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে এখনও চক্রান্তের চেষ্টা চলছে: রিজভী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৫:৩৭ AM

১৯
সরকারের বিরুদ্ধে এখনও চক্রান্তের চেষ্টা চলছে: রিজভী

সরকারের বিরুদ্ধে এখনো নানাভাবে চক্রান্ত চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর দাবি, সরকারের বিরুদ্ধে শুধু অপপ্রচারই নয়, ‘মব কালচার’ তৈরিরও চেষ্টা করা হচ্ছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে ‘চক্রান্তের একটি বড় জাল’ বিস্তার করার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির শাসনামলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করেছে। তাঁর দাবি, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বর্তমান সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন খাতে উদ্যোগ নেওয়া হবে। হকার উচ্ছেদের প্রয়োজন হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের অতীত শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে অর্থনৈতিক সংকট ও দুর্ভোগের নানা উদাহরণ রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে।

একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তিনি রাজনৈতিক সমঝোতা ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দেন।

‘মব কালচার’ প্রসঙ্গে রিজভী বলেন, এ ধরনের প্রবণতা গণতন্ত্র ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তিনি রাজনৈতিক দল ও জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো ধরনের আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করেননি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের আহ্বায়ক আরিফুর রহমান তুষার।

পরে সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!