ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে ব্যবসায়ীদের আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য কর পরিশোধ করতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ–সংক্রান্ত খসড়া সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
প্রতি মাসে রিটার্ন জমার নিয়ম
খসড়া সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দেওয়ার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে তা জমা দিতে হবে।
তবে দাখিলপত্র জমা দেওয়ার নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।
এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য কর পরিশোধ করতে হবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!