যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ৩১ ভাদ্র ১৪৩৩

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে দুজন শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ AM

১০
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে দুজন শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকার মেগা প্রকল্পের কারণে সৃষ্ট যানজট নিরসনসংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শনাক্ত হওয়া ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখছে। যাচাই-বাছাই ও যথাযথ তদন্তের পর তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছিল বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ‘ক্ষিপ্ত প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক গুলশানের মিছিলের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের বিচ্ছিন্ন মিছিল বা অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!