নিউইয়র্কে অনুষ্ঠিত ‘One World: One Humanity’ আন্তর্জাতিক সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়ানো ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্যের প্রতিবাদ জানিয়েছে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া। একই সঙ্গে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, তার পরিবার এবং মাইজভাণ্ডার দরবার শরিফের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সহসভাপতি মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ মোহাম্মদ আব্দুল বারি। এ সময় মোহাম্মদ শাহ আলম, খলিফা মোহাম্মদ মুকিম আলী, খলিফা মোহাম্মদ আব্দুল মোতালেব, খলিফা মোহাম্মদ মোশারফ হোসেন, খলিফা মো. শাজাহানসহ আঞ্জুমানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৯ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত ‘One World: One Humanity’ আন্তর্জাতিক সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রিত হয়ে অংশ নেন। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল শান্তি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে সংলাপ ও মতবিনিময়।
বক্তারা দাবি করেন, সম্মেলনটিকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। বিশেষ করে এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর অনুষ্ঠান এবং ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সেখানে অংশ নিয়েছেন—এমন প্রচারণারও প্রতিবাদ জানান তারা।
তাদের দাবি, ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীকে যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল, সেখানে RSS-এর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের কথা উল্লেখ ছিল না।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন স্কলার ও ধর্মীয় নেতারাও অংশ নেন। আয়োজক-সংশ্লিষ্ট তথ্যের বরাত দিয়ে বক্তারা জানান, প্রায় ৩০টি দেশের ১৮০ জন ধর্মীয় নেতা সম্মেলনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ইসলামের শান্তি, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দর্শন তুলে ধরেন। পাশাপাশি মদিনা সনদের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থান এবং বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের বিষয়েও বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার জন্য গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, মতভিন্নতা থাকতেই পারে; তবে কোনো তথ্য যাচাই না করে প্রচার করা কিংবা সত্যকে বিকৃত করার সুযোগ নেই। অপপ্রচারের পরিবর্তে সত্য, মানবিকতা ও সম্প্রীতির বার্তা প্রচারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
একই সঙ্গে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, তার পরিবার এবং মাইজভাণ্ডার দরবার শরিফের নিরাপত্তার বিষয়ে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!