নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৬ জুলাই
আমলাতন্ত্রকে মেধাভিত্তিক, জবাবদিহিমূলক ও দক্ষ করে গড়ে তুলতে প্রশাসনে ব্যাপক সংস্কারের প্রস্তাব দিয়েছে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)। দলটি বলেছে, সরকারের উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন এবং কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য প্রশাসনিক কাঠামোতে মৌলিক পরিবর্তন জরুরি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সফল রাষ্ট্রপ্রধান হতে আমলাতন্ত্র সংস্কারের প্রয়োজনীয়তা" শীর্ষক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন এনএলপির নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার রাষ্ট্র পরিচালনা করলেও আমলাতন্ত্রকে প্রকৃত অর্থে মেধাভিত্তিক ও পেশাদার করা যায়নি। ফলে প্রশাসনে রাজনৈতিক প্রভাব, তদবির ও অস্বচ্ছ পদোন্নতির সংস্কৃতি গড়ে উঠেছে, যা দক্ষ রাষ্ট্র পরিচালনার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
এনএলপির দাবি, উপসচিব, সিনিয়র উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি শতভাগ লিখিত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে। পাশাপাশি পদোন্নতির আগে কর্মকর্তাদের নির্দিষ্ট সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করার সুযোগ দিয়ে তাদের দক্ষতা মূল্যায়নের প্রস্তাবও দেয় দলটি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমান সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) পদ্ধতিতে মেধার যথাযথ মূল্যায়ন হয় না। তাই পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধান ও চূড়ান্ত অনুমোদনের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনকে আরও কার্যকর করতে নতুন 'সিনিয়র উপসচিব' নামে গ্রেড-৪ পদ সৃষ্টি, জেলা প্রশাসকের পদমর্যাদা উন্নীতকরণ এবং বিভাগীয় কমিশনারদের গ্রেড-১ মর্যাদা দেওয়ারও প্রস্তাব তুলে ধরে এনএলপি। দলটির মতে, এতে প্রশাসনিক ভারসাম্য ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।
এনএলপি প্রশাসনে সময়মতো পদোন্নতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করে। তাদের ভাষ্য, দীর্ঘদিন পদোন্নতি আটকে থাকলে কর্মকর্তাদের মনোবল ও কর্মস্পৃহা ক্ষতিগ্রস্ত হয়, যার নেতিবাচক প্রভাব রাষ্ট্র পরিচালনায় পড়ে।
এদেশে আমলাতন্ত্র বোঝা লোক কতজন আছে?
১৭ জুলাই ২০২৬, ১২:১১ PM