যুক্তরাষ্ট্র   শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ২৭ ভাদ্র ১৪৩৩

মানসিক চাপ কি চুল পড়ার কারণ হতে পারে?

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ AM

৩৩
মানসিক চাপ কি চুল পড়ার কারণ হতে পারে?

মানসিক চাপকে অনেক সময় গুরুত্ব না দিলেও এর প্রভাব শরীরের ওপর পড়তে পারে। দীর্ঘদিনের বা তীব্র মানসিক চাপের কারণে ঘুম, ক্ষুধা ও দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ডে যেমন পরিবর্তন আসতে পারে, তেমনি চুল পড়ার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তীব্র মানসিক চাপের সঙ্গে অন্তত তিন ধরনের চুল পড়ার সম্পর্ক থাকতে পারে। এগুলো হলো—টেলোজেন এফ্লুভিয়াম, ট্রাইকোটিলোম্যানিয়া ও অ্যালোপেসিয়া অ্যারেটা।

টেলোজেন এফ্লুভিয়াম

তীব্র মানসিক চাপের কারণে প্রচুরসংখ্যক চুলের গোড়া একই সময়ে বিশ্রামপর্বে চলে যেতে পারে। এই অবস্থাকে টেলোজেন এফ্লুভিয়াম বলা হয়।

সাধারণত মানসিক চাপের ঘটনার কয়েক মাস পর চুল পড়ার বিষয়টি বেশি লক্ষ করা যায়। চুল আঁচড়ানো বা গোসলের সময় স্বাভাবিকের তুলনায় বেশি চুল ঝরে পড়তে পারে।

ট্রাইকোটিলোম্যানিয়া

ট্রাইকোটিলোম্যানিয়া হলো নিজের মাথার চুল, ভ্রু বা শরীরের অন্য অংশের চুল টেনে তোলার তীব্র ও বারবার ফিরে আসা প্রবণতা। মানসিক চাপ, উদ্বেগ, একাকীত্ব, একঘেয়েমি বা হতাশার মতো অস্বস্তিকর অনুভূতি মোকাবিলার একটি উপায় হিসেবে কারও মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।

ফলে নিয়মিত চুল টানার কারণে নির্দিষ্ট স্থানে চুল কমে যেতে পারে।

অ্যালোপেসিয়া অ্যারেটা

অ্যালোপেসিয়া অ্যারেটার ক্ষেত্রেও তীব্র মানসিক চাপ একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে মনে করা হয়। এ অবস্থায় শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুল করে চুলের গোড়ায় আক্রমণ করে। এর ফলে মাথার ত্বকের নির্দিষ্ট কিছু জায়গায় হঠাৎ চুল পড়ে যেতে পারে।

চাপ কমলে চুলও ফিরতে পারে

মানসিক চাপের কারণে হওয়া চুল পড়া সব সময় স্থায়ী হয় না। মানসিক চাপ নিয়ন্ত্রণে আনা গেলে অনেক ক্ষেত্রে চুল আবার গজাতে পারে।

তবে হঠাৎ করে অতিরিক্ত চুল পড়া শুরু হলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। বিশেষ করে মাথার নির্দিষ্ট জায়গায় চুল পড়ে গেলে, অথবা চুল আঁচড়ানো ও ধোয়ার সময় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চুল ঝরলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কারণ হঠাৎ চুল পড়া অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে। চুল পড়ার কারণ নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসার পরামর্শ দিতে পারেন চিকিৎসক।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!