যুক্তরাষ্ট্র   শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ২৭ ভাদ্র ১৪৩৩

রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে: জেলেনস্কি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ AM

২৯
রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে: জেলেনস্কি

যুদ্ধের অবসানে সমঝোতার লক্ষ্যে রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপিও তাঁর বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে।

ত্রিপক্ষীয় আলোচনার সম্ভাবনা

ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগের অংশ হিসেবে সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

বৈঠকগুলোতে অগ্রগতির কথা তুলে ধরে উইটকফ যুদ্ধ অবসানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার কথা বলেছেন।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ ও কঠিন শীত শুরুর আগে সংঘাতের উত্তেজনা কমানোর চেষ্টা করছে।

শীত নিয়ে ইউক্রেনের উদ্বেগ

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে প্রতি শীতেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। এসব হামলায় তীব্র শীতের মধ্যে দেশটির লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করা মার্কিন দূতেরা তাঁকে জানিয়েছেন, ‘রাশিয়ানরা আলোচনায় বসতে প্রস্তুত।’

তবে তাঁর ভাষ্য, রাশিয়া মনে করছে আসন্ন শীত ইউক্রেনের প্রতিরোধ দুর্বল করে দিতে পারে।

পুতিনকে চাপ দেওয়ার কথা বললেন জেলেনস্কি

জেলেনস্কি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তেজনা কমাতে চাপ দিতে পারে।

তাঁর দাবি, পুতিন তাঁর মার্কিন প্রতিপক্ষকে ‘অসন্তুষ্ট করতে চান না’।

জ্বালানি ও শস্য পরিবহন নিয়ে প্রস্তাব

সপ্তাহান্তের আলোচনায় জ্বালানি স্থাপনা, শস্য পরিবহন এবং তেল-গ্যাস রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্র কিছু প্রস্তাব দিয়েছে বলে জানান জেলেনস্কি। তবে এসব প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করতে তিনি রাজি হননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধরত দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা এবং আসন্ন শীতকে আগের শীতগুলোর মতো কঠিন হতে না দেওয়াই যুক্তরাষ্ট্রের উদ্যোগের মূল লক্ষ্য।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!