বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চমূল্য ও মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি বিপর্যয়ের মুখে পড়েছে।
আজ শুক্রবার (২৭ মার্চ) লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রুপির মান প্রতি ডলারের বিপরীতে ৩৩ পয়সা কমে ৯৪.২৯ রুপিতে দাঁড়ায়, যা ভারতের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড। এর আগে গত বুধবার রুপির মান ৯৩.৯৬-এ নেমে নতুন রেকর্ড গড়ে।
ফরেক্স বিশ্লেষকরা বলছেন, ভারতের অভ্যন্তরীণ শেয়ার বাজারে দরপতন ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (এফআইআই) পুঁজি প্রত্যাহার স্থানীয় মুদ্রার ওপর চাপ সৃষ্টি করেছে। এর ফলে রুপির মান আরও দুর্বল হয়ে উঠেছে।
ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০৫.৭৫ ডলার ছাড়িয়ে যাওয়ায় এবং ডলার ইনডেক্স ১০০-এর কাছাকাছি পৌঁছানোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের শেয়ার বাজারও রুপির পতনের কারণে নেতিবাচক অবস্থায় রয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৯২৬.৯২ পয়েন্ট কমে ৭৪,৩৪৬.৫৩ এবং নিফটি ২৮০.৯৫ পয়েন্ট কমে ২৩,০২৫.৫০-এ নেমে আসে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে না আসা পর্যন্ত রুপির অস্থিতিশীল অবস্থা চলতে পারে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) বাজারে হস্তক্ষেপ করতে পারে কিনা তা নজরদারি চলছে। তবে বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি বিনিয়োগের বহিঃপ্রবাহ রুপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে রাখছে।
সূত্র: দ্য হিন্দু
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!